আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী লাল খাট্টার এবার মুসলিমদের হুঁশিয়ার করে সাফ জানিয়ে দিয়েছেন, ‘মুসলিমরা ভারতে থাকতে পারেন, তবে তাদের গো-মাংস খাওয়া ত্যাগ করতে হবে।’
দাদরি কাণ্ড নিয়েও মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন খাট্টার। তার দাবি, দাদরি কাণ্ড ভুল বোঝাবুঝির ফল। দাদরিতে আক্রান্ত ব্যক্তি হিন্দুদের গো-মাতা সম্পর্কে অশালীন মন্তব্য করায় আক্রমণের শিকার হন।
মুখ্যমন্ত্রী এও বলেন, ‘আক্রমণ ও হত্যা করলেই শান্তিশৃঙ্খলা রক্ষা করা যাবে না। কেউ দোষ করলে তাকে শাস্তি পেতে হবে।’
উল্লেখ্য, কিছুদিন আগে উত্তরপ্রদেশের দাদরিতে গো-মাংস খাওয়ার ‘অপরাধে’ ৫০ বছরের মোহম্মদ আখলাককে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে জাতীয় রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও শোরগোল পড়ে। কিন্তু পরে জানা যায়, আখলাককের বাড়িতে রাখা মাংস গরুর ছিল না, ছিল পাঠার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রথমদিকে নীরবতা পালন করলেও পরে চাপে পড়ে দাদরি নিয়ে মুখ খুলেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দেশবাদীকে ভারতের সার্বভৌমত্বের কথা মনে করিয়ে সব ধর্ম-জাতির প্রতি সমান সম্মান দেখানোর কথা বলেন।

