স্পোর্টস ডেস্ক : গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেন রান প্রসবা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেভাবে একের পর এক রান করে যাচ্ছে স্বাগতিক শ্রীলংকা, তাতে এমন উপমা দিলে, খুব বেশি কিছু বলা হবে না। তবে রান বন্যায় একটু হতাশাও যুক্ত হয়ে গেলো লংকানদের ইনিংসে। ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়ে গেলেন ওপেনার দিমুথ করুনারত্নে।
৩৫৪ বলে ১৮৬ রান করে মারলন স্যামুয়েলসকে রিটার্ন ক্যাচ দিয়ে আউট হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় তার প্রথম ডাবল সেঞ্চুরির স্বপ্ন। ১৬টি বাউন্ডারি আর ১টি ছক্কা দিয়ে নিজের ইনিংস সাজান করুনারত্নে। তবে, লংকান ওপেনারে এটাই টেস্টে সবচেয়ে লম্বা ইনিংস। এর আগে সর্বোচ্চ ১৫২ রান করেছিলেন তিনি। এবার করলেন ১৮৬ রান।
করুনারত্নের হতাশা ঘুচিয়ে দিতে পারেন দিনেশ চান্ডিমাল। ইতিমধ্যেই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন ডান হাতি এই ব্যাটসম্যান। প্রথম দিনের খেলা শেষে তিনি অপরাজিত ছিলেন ৭২ রানে। দ্বিতীয় দিন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি।
এ রিপোর্ট লেখার সময় (মধ্যাহ্ন বিরতি পর্যন্ত) চান্ডিমাল ব্যাট করছিলেন ১১৩ রান নিয়ে। তার সঙ্গী অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ব্যাট করছেন ১ রান নিয়ে। দলীয় রান ১১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪৪।
এর আগে সকালে আগেরদিনের ২ উইকেটে ২৫০ রান নিয়ে ব্যাট করতে নামে করুণারত্নে এবং চান্ডিমাল। করুনারত্নে ছিলেন ১৩৫ রানে এবং চান্ডিমাল ছিলেন ৭২ রানে।

