স্পোর্টস ডেস্ক : ক্লাবের হয়ে অনেক শিরোপাই জেতা হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ব্যক্তিগত পুরস্কারও কম পাননি এই পর্তুগিজ সুপারস্টার। তবে জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত মেজর কোনো শিরোপা জেতা হয়নি এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের। ফলে আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারকে আরো বর্ণিল করে তুলতে চান তিনবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। বুধবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মারকা’কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
পর্তুগাল জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৪ সালে ইউরো কাপের ফাইনালে গ্রিসের কাছে হেরে যায় রোনালদো পর্তুগাল, তখন খুব তরুণ ছিলেন এই রিয়াল তারকা। এছাড়া ২০০৬ সালের বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো কাপের সেমিতে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ ঘটে পর্তুগিজদের। তবে এবার আর স্বপ্নভঙ্গের বেদনায় পুরতে চান না সিআর সেভেন। দেশের হয়ে জিততে চান কিছু।
ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘ক্লাব এবং ব্যক্তিগত পর্যায়ে আমি মোটামুটি সব কিছুই জিতেছি। কিন্তু আমি জাতীয় দলের হয়ে বড় কিছুই জিততে পারিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিততে পারলে বর্ণাঢ্য ক্যারিয়ারের চূড়ায় উঠতে পারবো এবং আমি এটিই প্রত্যাশা করছি। আমার আশা, ২০১৬ সালটি আমার হবে।’
এরপর তিনি বলেন, ‘আমাদের একজন বিশ্বমানের কোচ রয়েছেন এবং অসাধারণ প্রেসিডন্টে আছেন। পাশাপাশি নতুন প্রজন্মের তরুণ খেলোয়াড় রয়েছে যারা দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে।’ ইউরোর বাছাই পর্বে কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে আলবেনিয়া, ডেনমার্ক ও সার্বিয়াকে টপকে গ্রুপ থেকে শীর্ষস্থানে থেকে ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল।
গত মৌসুমে লা লিগায় ৩৫ ম্যাচে ৪৮ গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোল করার মঙ্গলবার ক্যারিয়ারের চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জয় করেন তিনি। সম্প্রতি রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা রাউল গঞ্জালেসকে গোলসংখ্যায় স্পর্শ করেন সিআর সেভেন।

