ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর আগমনে আনন্দে ভাসছে দাশিয়ার ছড়া

Link Copied!

Dashiarchora-PM
কুড়িগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গঙ্গাহাট বাজারের পাশের সাবেক ছিটমহল দাশিয়ার ছড়া। বাংলাদেশি ভূখন্ডের অংশ হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘটতে যাচ্ছে সাবেক কোনও ছিটমহলে।
দাশিয়ার ছড়ায় প্রবেশের সেই সরু মেঠো পথ আর আগের মতো নেই। ইট বিছিয়ে প্রশস্ত রাস্তা তৈরি হয়েছে। প্রবেশ পথ থেকে কালিরহাট বাজার পর্যন্ত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তৈরি হয়েছে অর্ধশত তোরণ।
এ ছাড়া কালিরহাট বাজার সংলগ্ন মাঠে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা। জেলার পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এ সফরে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এসএসএফ, র‌্যাব ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। এ ছাড়া এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। ফুলবাড়ি সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল।
প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকায় অবতরণ করবেন বলে জানা গেছে। দাশিয়ার ছড়ায় একটি মত বিনিময় সভা শেষে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার সাবেক ছিটমহলের ২০৬৫টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিনসহ বোর্ডের ঊধ্বতন কর্মকর্তারা আজ রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে বিদ্যুৎসংক্রান্ত কার্যক্রমের তদারকী করেন বলে জানিয়েছেন বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কন্সালটেন্ট তালুকদার রুমী।
প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে কুড়িগ্রাম সদরের সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
রাষ্ট্রীয় নানা সেবামূলক কার্যক্রমে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটেছে এলাকাটির। গড়ে উঠেছে অস্থায়ী কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল সেন্টার, অস্থায়ী পুলিশ ক্যাম্প, কৃত্রিম পশু প্রজনন কেন্দ্রসহ নানা নাগরিক সেবাকেন্দ্র। বিদ্যুৎ সংযোগ দ্রুত পৌঁছে যাচ্ছে গোটা দাশিয়ার ছড়ায়। গত ১০ অক্টোবর সন্ধ্যা থেকে পরীক্ষামূলকভাবে জ্বলতে শুরু করেছে বৈদ্যুতিক বাতি।
প্রধানমন্ত্রীর দাশিয়ার ছড়া সফরকালে ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
৬৮ বছর বাংলাদেশ সীমানায় ভারতীয় ছিটমহল হিসেবে চিহ্নিত হয়ে থাকা এ ভূখণ্ড গত জুলাই মাসে দু’দেশের সরকারের উদ্যোগে বাংলাদেশি ভূখন্ডে যুক্ত হয়। তারপর এখানে শুরু হয়েছে উন্নয়নের জোয়ার। দাশিয়ারছড়া এখন হাজারও দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে উঠেছে। বহুল আলোচিত সাবেক ছিটমহলটিকে দেখতে প্রতিদিন জড়ো হচ্ছেন শত শত দর্শনার্থী।