নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়া থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ জন্য পরিকল্পনাসংবলিত একটি প্রকল্প প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন।
এ সময় রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে গেলে এর ওপর দিয়ে ঢাকার গেন্ডারিয়া থেকে মাওয়া পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজারের রামু পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে। ঈশ্বরদী থেকে পাবনা শহরে নতুন রেলপথ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এ সরকারের শেষ নাগাদ কাশিয়ানি থেকে গোপালগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি আরো বলেন, যমুনার ওপর দিয়ে বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে আরেকটি প্যারালাল রেলসেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যেটি জাপানের টাকায় নির্মিত হবে বলে কথা হয়েছে।
রেলের আমূল পরিবর্তন আনার জন্য তিনি বলেন, আগামী জানুয়ারিতে ভারতের অর্থায়নে ১২০টি কোচ রেলের সঙ্গে যুক্ত হবে। এর কিছুদিন পর ইন্দোনেশিয়ান অর্থায়নে আরো ২২০টি কোচ বহরে যোগ হবে। এই সরকার ক্ষমতায় আসার পর নতুন ৬০টি ইঞ্জিন যোগ হয়েছে। আরো ৭০টি ইঞ্জিন যোগ করার জন্য প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

