বিনোদন ডেস্ক : শরৎ এসেছে। এই মেঘ, এই রোদ আবার এই বৃষ্টি। প্রকৃতিও যেন খুব বিতর্কিত আচরণ করছে। এমন হাওয়ায় এ অবশিষ্ট অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে তিনটি চলচ্চিত্র। মজার ব্যাপার হলো এ তিনটি সিনেমা নিয়েই চলছে বিতর্ক। কোন সিনেমায় অশ্লীলতার অভিযোগ, কোন সিনেমায় নকল তো কোন সিনেমা শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য। এইসব বিতর্কের ফ্যাসাদে পড়ে নির্মাতাদেরও উত্তর দিতে হচ্ছে অনেক। মনে মনে যদিও তারা প্রচার বাড়ছে বলে খুশিতে ভাসছেন, তবে দর্শক কি ভাবছেন তাই এখন দেখার বিষয়।
চুমু খেয়ে ‘আজব প্রেম’ এ হিট বাপ্পি-আঁচল
আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। বাপ্পি আঁচল অভিনীত চলচ্চিত্রটির একটি চুম্বন দৃশ্য নিয়ে ইতিমধ্যেই বেশ সরগরম হয়ে উঠেছে চলচ্চিত্র অঙ্গন। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।
খোঁজ নিয়ে দেখা যায়, ‘আজব প্রেম’ ছবির একটি দৃশ্যে বাপ্পি আঁচল দুজন দুজনকে ‘লিপ কিস’ করছে। বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরেই চুম্বন দৃশ্যের প্রচলন রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, এমন গভীর চুম্বনের দৃশ্য এটাই প্রথম। আর তাই সামাজিক যোগাযোগের মাধ্যমসহ গোটা চলচ্চিত্র অঙ্গনে বিষয়টি আলোচিত হচ্ছে।
এ বিষয়ে পরিচালক ওয়াজেদ আলী সুমনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘একটি চুম্বন দৃশ্য নিয়ে এমন আলোচনা, আমার ছবির জন্য প্লাস পয়েন্ট হিসেবে দেখা দিয়েছে। তবে যে অভিযোগটি করা হচ্ছে তা ফালতু। গল্পে প্রয়োজনে এমন দৃশ্য থাকতেই পারে।’
তিনি আরো বলেন, ‘ছবির নামই যদি হয় লাস্ট কিস তো সেখানে চুম্বন দৃশ্য থাকবে না তো কী থাকবে। আমার ছবির গল্প এই দৃশ্যটি ডিমান্ড করে, তাই দৃশ্যটি ধারণ করা হয়েছে।’
এদিকে ‘আজব প্রেম’ ছবির ট্রেলার প্রকাশের পরপরই এর বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। কারণ এর সঙ্গে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির ট্রেলারের মিল রয়েছে। যদিও পরিচালক বিষয়টিকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটির বিরুদ্ধে তামিল চলচ্চিত্র ‘আরিয়া-টু’ কে নকল করার অভিযোগ রয়েছে।
প্রাপ্তবয়স্কদের জন্য হলের অন্ধকারে আসছেন নায়লা
দীর্ঘ নির্মাণ প্রক্রিয়া শেষে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবিটি। ছোটপর্দার তারকা সজল ও মৌসুমী নাগ জুটি অভিনীত এই ছবিটির মুক্তি উপলক্ষ্যে দেশ জুড়ে পোস্টারসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু অভিযোগ উঠেছে ছবির পোস্টারে ১৮+ লিখে দর্শকদের সঙ্গে প্রতারণা করার। কারণ বাংলাদেশে ছবির কোনো গ্রেডেশন নেই। সেন্সর বোর্ড থেকে গ্রেডেশন নিয়ে ছাড়পত্র দেয়ার নিয়ম নেই। এ প্রসঙ্গে পরিচালক তন্ময় তানসেন বলেন, ‘১৮+ লিখে আঠারো বছরের নিচের কাউকে ছবিটি না দেখার অনুরোধ দেয়া হয়েছে। ছবিটির সব ধরনের প্রচারণায় বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।’
এদিকে সেন্সরবোর্ড সূত্রে জানা যায়, সকল ছবির পোস্টার সেন্সর বোর্ড কর্তৃক সত্যায়িত করে নিতে হয়। সত্যায়িত করার পর সেখানে কোনো কিছু যোগ করা অপরাধ। তাই এটা নিয়মবর্হিভূত ভাবেই ছবিটির পরিচালক করেছেন।
একদিকে নকলের অভিযোগ, অন্যদিকে নায়িকা উধাও
আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘ভালোবাসার গল্প’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মুনিয়া আফরিন সাদিয়া, তানিয়া রহমান, কায়েস আরজু, মিশা সওদাগর, ডন প্রমুখ। শুরু থেকেই ছবিটিকে মৌলিক গল্পে ছবি হিসেবে দাবি করে আসছেন পরিচালক। কারণ হিসেবে জানা যায়, এই পরিচালক কর্তৃক নির্মিত আগের দুই একটি ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ রয়েছে। এমন কী পরিচালক সমিতির সদস্য পদ নিয়েও ঝামেলা চলছে।
এদিকে ছবির আরেক আকর্ষণ চিত্রনায়িকা মুনিয়া আফরিনকেও ছবির কোন প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে না। কারণ হিসেবে বিভিন্ন সূত্র দাবি করছে, বিয়ে করে চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে মুনিয়া বিষয়টি মিথ্যা ও বানোয়াট দাবি করে জানান, আপাতত ছবি থেকে কিছুটা দূরে রয়েছেন। আগামী নভেম্বর থেকে পুরো দমে কাজ শুরু করবেন। তাই সবার থেকে একটু দূরে রয়েছেন।

