নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলমান ভর্তি পরীক্ষায় জালিয়াতির অপচেষ্টার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পুলিশের ডিবি শাখায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুরে ঢাবির দোয়েল চত্বর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই ছাত্রের নাম মোছাদ্দেকুল ইসলাম। তিনি মৎস্য বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র।
প্রক্টর অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করবে বলে ফেসবুকে প্রচারণা চালানো হয়। এসময় তারা যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দেন ফেসবুকে। পরবর্তীতে ওই নম্বর ট্র্যাকিং করে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা গত সোমবার দিবাগত রাতে দু’জনকে আটক করে। এরপরে ওই দু’জনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঢাবির ওই ছাত্রের জড়িত থাকার খবর পাওয়া যায়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কখনোই ফাঁস হয় না। কিন্তু ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি করাতে গিয়ে আগেও অনেককে আটক করা হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে বদ্ধপরিকর। কেউ যদি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ায় তাতে কান দেয়ার কিছু নেই। এমন কিছু পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

