আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের জেরুজালেম ও তেলআবিবে বিচ্ছিন্ন ফিলিস্তিনি হামলায় আরো দু’জন ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
মঙ্গলবার সকালে পূর্ব জেরুসালেমে একটি বাসের ওপর দু’জন হামলাকারী গুলি ছোঁড়ে এবং যাত্রীদের ছুরিকাঘাত করে। এতে একজন ইহুদি নিহত এবং আরো পাঁচজন আহত হয়।
আরেক ঘটনায় জেরুসালেমের কেন্দ্রস্থলে একজন আক্রমণকারী তার গাড়ি চালিয়ে একটি বাসস্টপে আসে এবং সেখানে থাকা লোকজনের ওপর ছুরি নিয়ে আক্রমণ চালায়। এই হামলায় আরো এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন আরো একজন। হামলাকারী নিজেও এ ঘটনায় আহত হয়েছেন।
ছুরি হামলার তৃতীয় ঘটনাটি ঘটেছে তেল আবিবের একটি উপশহরে। এছাড়া অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, জেরুজালেমের এক সড়কে পথচারীরা কথিত এক হামলাকারী ফিলিস্তিনিকে পেটাচ্ছে এবং লাথি মারছে।
চলতি মাসের গোড়ার দিকে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশাধিকার নিয়ে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি হবার পর থেকে দু পক্ষের মধ্যে সহিংসতা বেড়ে গেছে। এ পর্যন্ত বারোটিরও বেশি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

