বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেত্রী জয়া আহসানের সমস্ত মন এখন সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনী’তে। চলতি মাসের ১৬ অক্টোবর ভাঙছে তার প্রতীক্ষা। মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। এ নিয়ে কলকাতায় জয়ার তৃতীয় ছবি মুক্তি পাচ্ছে। দুই বাংলায়ই জয়া নিজেকে ব্যস্ত রেখেছেন সমান তালে।
খবর পাওয়া গেলো আগামী বছরের জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে নির্মাতা মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’-চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্রটিতে শুটিং-এর জন্য জয়াও প্রস্তুত। মাহমুদ দিদারও হন্যে হয়ে লোকেশন খুঁজে বেড়াচ্ছেন।দিদার জানিয়েছেন, নেত্রকোণার সোমেশ্বরী নদীর তীরসহ দেশের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হবে।’
প্রায় বছরখানেক আগে থেকেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলেন দিদার। কয়েকমাস ধরে তাই ছবিটির জন্য জুতসই লোকেশন খুঁজছেন। এর মধ্যেই ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোণা থেকে রাজবাড়ি চষে বেড়িয়েছেন তিনি। ‘জানুয়ারী থেকে শুটিং শুরু হবে। লোকেশন সার্চিং এখনো শেষ হয়নি। চলছে’-এমনটাই জানালেন এ নির্মাতা।
উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে অনুদান পায় চলচ্চিত্রটি । নির্মাতা মাহমুদ দিদার ইতিমধ্যেই ছোটপর্দায় নিজের নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। ‘বিউটি সার্কাস’-কে তাই নজরে রাখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

