নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় কলা অনুষদের ডিন ও খ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর ২০১৫ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ৩১ হাজার ১৫২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৯ হাজার ৬৪৫জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ হাজার ৩৫১জন উত্তীর্ণ হয়েছে। খ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২ হাজার ২৯৬টি। পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে ৩৭২ জন শিক্ষার্থীর। এবার এই ইউনিটে পাশের হার ১৪.৬৮ শতাংশ।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০১৫ পর্যন্ত ওয়েবসাইটে Choice Form পছন্দের বিষয় নির্ধারণ (চয়েস ফ্রম পূরণ) করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। খ-ইউনিটের বিষয় মনোনয়নের সাক্ষাৎকার শুরু হবে আগামী ৮ নভেম্বর ২০১৫ রোববার থেকে।

