অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের সেপ্টেম্বর মাসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স এসেছে ১৩৪ কোটি মার্কিন ৬২ লাখ মার্কিন ডলার। যা গত মাসের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, সেপ্টেম্বর শেষে দেশে রেমিটেন্স এসেছে ১৩৪ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। যা আগের মাসে ছিল ১১৯ কোটি ৫০ লাখ ও আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩৪ কোটি ৪২ লাখ মার্কিন ডলার।
সেপ্টেম্বরে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহার কারণেই রেমিটেন্সের প্রবাহ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেহেতু প্রবাসী ঈদ উপলক্ষে পরিবারে বেশি টাকা পাঠিয়ে থাকেন।
প্রতিবেদন অনুযায়ী, দেশে কার্যরত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৯ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৯১ কোটি ৬৬ লাখ ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৫৪ লাখ মার্কিন ডলারের সমপরিমান রেমিটেন্স।
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে বরাবরেই মতোই সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসেছে দেশে। ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৩ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার। ১৪ কোটি ৪৮ লাখ রেমিটেন্স আসায় দ্বিতীয় অবস্থানে আছে অগ্রণী এবং ১২ কোটি ৭ লাখ মার্কিন ডলার আহরণে তৃতীয় অবস্থানে আছে সোনালী ব্যাংক লিমিটেড।

