অর্থনৈতিক প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও লটারির ড্র হবে মঙ্গলবার। এদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ ড্র হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
গত ৬ সেপ্টেম্বর রোববার থেকে ১৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন। প্রবাসী বিনিয়োগকারীদের জন্যও একই তারিখ নির্ধারণ করা হয়েছিল।
জানা যায়, ১০ টাকা প্রিমিয়ামে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। এ লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকায় শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। আর আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ৬০ কোটি টাকা উত্তোলন করা হবে।
উত্তোলিত টাকা থেকে মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৩৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৯ দশমিক ৬০ টাকা। এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

