বাগেরহাট প্রতিনিধি : সোনালী ব্যাংক বাগেরহাট শাখা থেকে জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সিনিয়র কর্মকর্তা শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার রাতে বাগেরহাট শাখা ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বাদী সোনালী ব্যাংক বাগেরহাট শাখা ব্যবস্থাপক খান বাবলুর রহমান জানান, গত ৩ সেপ্টেম্বর ব্যাংকের আভ্যন্তরীণ অডিট চলাকালে ওডি ঋণের ডকুমেন্ট দেখাতে বললে তার আত্মীয় মারা গেছেন বলে মাহাফুজুর রহমান চলে যান। এতে সন্দেহ সৃষ্টি হলে খুলনা ও বাগেরহাটের জোনাল ও রিজিওনাল অফিস থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রাথমিক তদন্ত চলাকালে দেখা যায় যে, অভিযুক্ত শেখ মাহফুজুর রহমান ১১০টি হিসাবের মাধ্যমে গ্রাহকের স্বাক্ষর জাল করে ভুয়া ওডি লোন সৃষ্টি এবং অনুমোদনহীন ওই সময় ম্যানেজারের পাসওয়ার্ড ব্যবহার করে ঋণসীমা বৃদ্ধি করে জালিয়াতির মাধ্যমে ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাত করেন।
অডিট শেষ হলে এ আত্মসাতকৃত টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান সোনালী ব্যাংক বাগেরহাট শাখার এ কর্মকর্তা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জানান, সোনালী ব্যাংক বাগেরহাট শাখার সিনিয়র অফিসার মাহাফুজুর রহমান ২০১২ সালের ২ আগস্ট থেকে চলতি বছরের ৩ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত ১১০টি হিসাবের (ব্যাংক অ্যাকাউন্ট) মাধ্যমে গ্রাহকের স্বাক্ষর জাল-জালিয়াতি করে ওই অর্থ আত্মসাত করেন।
খুলনা অফিসের অডিট টিমের অডিটের সময় এ জালিয়াতির তথ্য ফাঁস হওয়ার পর থেকে আত্মগোপনে আছেন ওই কর্মকর্তা। এর প্রেক্ষিতে আপাতত প্রাপ্ত তথ্য অনুযাই শাখা ব্যবস্থাপক এ মামলা দায়ের করেছেন।
ওসি তোজাম্মেল হক জানান, সোনালী ব্যাংকের আভ্যন্তরীণ তদন্ত চলাকালে সিনিয়র অফিসার মাহাফুজুর রহমান তার কাছে আত্মীয়ের মাধ্যমে ব্যাংকে ৩৫ লাখ টাকা প্রদান করেছে। মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে।

