স্পোর্টস ডেস্ক : এক বছর পর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে ফিরেলেন ‘রহস্যময়’ স্পিনার সুনিল নারিন। শ্রীলংকার বিপক্ষে অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-২০ সিরিজের দলে জায়গা পেয়েছেন এই ক্যারিবিয়ান স্পিনার। ২০১৪ সালের আগস্টের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের এই বোলার। নারিন ফিরলেও কিয়েরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পাননি।
গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ তে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হওয়ার পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের দল থেকে স্বেচ্ছায় নিজের নাম প্রত্যাহার করে নেন সুনিল নারিন। ২০১৫ সালের আইপিএল চলাকালীন ফের বোলিং অ্যাকশন নিয়ে ঝামেলায় পড়েন কলকাতা নাইট রাইডার্সের এই ‘রহস্যময়’ স্পিনার। দীর্ঘদিন বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে নিজের অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেন এই ক্যারিবিয়ান স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলের আট খেলোয়াড়ের জায়গা হয়নি আসন্ন শ্রীলংকা সফরের ওয়ানডে দলে। সার্জারি শেষে পুরোপুরি ফিট না হওয়ায় ক্রিস গেইল দলের বাইরে রয়েছেন। সদ্য সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি, লেন্ডন সিমন্স, সুলিমান বেন, শেল্ডন কট্রেল, নিকিতা মিলার, কেমার রোচ ও ডোয়াইন স্মিথও ওয়ানডে দলে জায়গা পাননি। আর বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া ব্রাভো ও পোলার্ডও ওয়ানডেতে যথারীতি ব্রাত্য হয়ে পড়েছেন। তবে এই দুই মারকুটে ব্যাটসম্যান টি-২০’র দলে জায়গা করে নিয়েছেন।
এর আগে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সোমবার এক বিবৃতিতে ফিল সিমন্সকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। শ্রীলঙ্ক সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য ও সাবেক ফাস্ট বোলার এলডিন ব্যাপটিস্ট।
আগামী ১৪ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের শ্রীলংকা সফর শুরু হবে। টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারের এটি প্রথম অ্যাসাইনমেন্ট। টেস্টের মতো ওয়ানডেতেও ক্যারিবিয়ান দলকে নেতৃত্ব দিবেন জেসন হোল্ডার। আর টি-২০ তে ড্যারেন স্যামিউ যথারীতি অধিনায়ক থাকছেন।
প্রসঙ্গত, ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-২০ খেলার জন্য সোমবার দেশ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ১৪ অক্টোবর গলে প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলংকা ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাফেট, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জেসন মোহাম্মেদ, সুনিল নারিন, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও জেরোম টেলর।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, সুনিল নারিন, কিয়েরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও জেরোম টেলর।

