নিজস্ব প্রতিবেদক : পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরা মানুষের ভিড় লক্ষ্য গেছে রাজধানীর সদরঘাটে। ঈদের বাড়তি ছুটি গতকাল শেষ হওয়ায় আজ মঙ্গলবার অফিস করার জন্য লঞ্চে রাজধানীতে ফিরেছে শত শত মানুষ। আজ সকালে যাত্রী নিয়ে বেশ কয়েকটি লঞ্চ ঘাটে ভিড়েছে। প্রতিটি লঞ্চই ছিল যাত্রীতে কানায় কানায় পূর্ণ। এদিকে ঢাকায় ফেরা মানুষের চাপে লঞ্চ টার্মিনালের আশেপাশের এলাকায় ছোটখাট যানজটের সৃষ্টি হয়। দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ মানুষ নদীপথে যাতায়াত করেন। আর নদীপথে রাজধানীতে প্রবেশের অন্যতম পথ সদরঘাট লঞ্চ টার্মিনাল। টার্মিনালে এখন ঢাকায় ফেরা মানুষের ভিড়। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে আসা প্রতিটি লঞ্চ ছিল যাত্রীতে পরিপূর্ণ। বিআইডব্লিউটিআইএর ট্রাফিক পরিদর্শক হুমায়ূন কবির বলেন, আজ সকাল ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টির মতো লঞ্চ ঘাটে এসেছে। গতকালের চেয়ে আজকে যাত্রীর চাপ অনেক বেড়েছে।

