নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের ছেড়ে মন না চাইলেও জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে হচ্ছে তাদের। মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা যায়, ট্রেন থামার সঙ্গে সঙ্গে মানুষে ভরে যাচ্ছে প্লাটফর্ম। পা ফেলার জায়গা নেই রেলস্টেশনে।
স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, ট্রেন যথাসময়ে ঢাকা এসে পৌঁছাচ্ছে। গতকালের চেয়ে আজকে যাত্রী চাপ একটু বেশি। এই চাপ শনিবার পর্যন্ত বাড়তে থাকবে। সব মিলিয়ে যাত্রীরা নির্বিঘ্নে ফিরে আসতে পারছে এটাই বড় বিষয়। যাত্রী চাপ বেশি থাকলেও তারা নির্বিঘ্নে আসতে পারছেন।
তিনি জানান, কোনো কোনো ট্রেন ২০ থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়লেও যাত্রীরা সবাই আসতে পারছে। তবে রাস্তা একটু খারাপ হওয়ায় ট্রেন একটু ধীরে চালাতে হচ্ছে। এছাড়া প্রত্যেক স্টেশনে ৫ থেকে ১০ মিনিট দেরি করায় ঢাকায় ফিরতে একটু সময় লাগছে। চট্রগ্রাম থেকে আসা আলী করিম বলেন, একদিকে ট্রেন ছাড়তে দেরি করেছে, অন্যদিকে নিজেদের সিটে বসতে পারেনি। একজনের সিট অন্যজন দখল করে ফেলেছে। ফলে গাদাগাদি করে দাঁড়িয়ে আসতে হয়েছে। এছাড়া ট্রেনের মধ্যে হকারের উৎপাতও বেশি ছিল।
রাজশাহী থেকে আসা মাহমুদুল হাসান বলেন, ‘অনেক কষ্ট করে ২৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়ে বাড়ি ফিরেছিলাম। কিন্তু প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে অনেক ভালো লেগেছে। কয়েকটা দিন অনেক ভালো কেটেছে। যার জন্য আসতেই মন চাচ্ছিল না।’

