সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বের করে দিয়েছে পুলিশ। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেয়। পুলিশ ও শিক্ষার্থীরা জানান, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া যায়। তাই এই পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন তোয়াক্কা না করে আজ সকাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি শুরু হয়েছে। এ জন্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ। এদিকে, ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়ার পর শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। বেল ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিল।

