নিজস্ব প্রতিবেদক : কূটনৈতিক পাড়ায় ইতালীয় হত্যার বিষয়টিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ইতালি নাগরিক হত্যা বিষেয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলামত দেখে মনে হচ্ছে এটা পরিকল্পিত ঘটনা। তবে এটা নিয়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’ তবে হত্যাকাণ্ডের সঙ্গে আইএস-এর জড়িত থাকার এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশের পাশাপাশি চারটি গোয়েন্দা টিম ঘটনার তদন্ত করছে। ব্যক্তিগত, কর্মসংক্রান্ত, জঙ্গি তৎপরতা-সব বিষয়কে সামনে রেখেই আমরা তদন্ত চালাচ্ছি।’ শিগগির এই হত্যার রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দল খেলতে এলে তাদের পূর্ণ নিরাপত্তা দেয়া হবে। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা- এই তিন দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কূটনৈতিক পাড়ার নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।’

