ডেস্ক রিপোর্ট : বাজারে আসতে না আসতেই বাজার মাত করলো অ্যাপলের নেক্সট জেনারেশন স্মার্টফোন আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস। সোমবার অ্যাপল জানিয়েছে, প্রথম সপ্তাহে ১ কোটি ৩০ লাখ আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস বিক্রি হয়েছে। অ্যাপল দাবি করছে তাদের আগের রেকর্ড ভেঙ্গেছে আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস। ২০১৪ সালে নতুন আইফোন বাজারে এলে প্রথম সপ্তাহে ১ কোটি বিক্রি হয়েছিল। অ্যাপলে প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, ‘আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসের প্রথম সপ্তাহের বিক্রি আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। স্মার্টফোনের বাজারে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ফোন দুইটি।’ টিম কুক জানান, ক্রেতারা আইফোনের নতুন ফিচারগুলো নিয়ে বেশ আগ্রহী। বিশেষ করে থ্রিডি টাচ এবং লাইভ ফটো ফিচার আইফোন ৬ এস এবং ৬ এসের মূল আকর্ষণ।
অ্যাপল জানিয়েছে ৯ অক্টোবর থেকে ৪০ টি দেশের বাজারে নতুন আইফোন দুইটি পাওয়া যাবে। এবছরের শেষের দিকে ১৩০ দিকে পৌঁছে যাবে আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস।
গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ক্যানাডাসহ কয়েকটি দেশে আইফোনের নতুন ফোন দুইটি বিক্রি শুরু হয়েছে।

