নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার বাকি মাত্র এক দিন। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখী নগরবাসী। ঈদ যত ঘনিয়ে আসছে সেই চাপ আরো বাড়ছে। গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে।
ঈদুল আযহা উপলক্ষে আজ বুধবার ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে ঈদের সরকারি ছুটি। তাই আজই বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন অনেকেই। ঝুঁকি নিয়ে হলেও নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।
তা ছাড়া আজ থেকে রাজধানীর সকল কল কারখানা, গার্মেন্টস, বেসরকারি অফিস বন্ধ হয়ে গেছে। তাই কেউ দেরি না করে তড়িঘড়ি করে রওনা দিচ্ছে আপন ঠিকানায়।
বুধবার ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাস টার্মিনালগুলোতে ভিড় বাড়তে শুরু করে মানুষ। তবে দুপুরের পর থেকে যাত্রীদের চাপ ক্রমশ বাড়ছে। যাদের অগ্রিম টিকিট কাটা নেই তারা জীবনের ঝুঁকি নিয়েই বাসের ছাদে করে রওনা হচ্ছেন। এ ছাড়া ঢাকার অভ্যন্তরে চলা লোকাল বাসগুলোও দূরপাল্লার যাত্রী বহন করছে। ফিটনেসবিহীন এসব বাসে ঝুঁকি নিয়েই চড়ছেন যাত্রীরা।
ঈদ উপলক্ষে বাড়িফেরা মানুষদের জন্য রাজধানীর প্রতিটি টার্মিনালে পুলিশের দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। টার্মিনালগুলোতে কেউ কালোবাজারি করে টিকিট বিক্রি করছে কিনা এবং টার্মিনালগুলোতে চাঁদাবাজি হচ্ছে কিনা এগুলো দেখবে থানা পুলিশ। আরেক স্তরে থাকবে ট্রাফিক পুলিশ। বাস মাঝ রাস্তায় থেমে যাত্রী উঠাচ্ছে কিনা তাও দেখবে ট্রাফিক পুলিশ।

