আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী স্কট ওয়াকার সরে দাঁড়ালেন। ২০১৬ সালের নির্বাচনে জয়ের জন্য নিজেকে যথেষ্ট উপযুক্ত প্রার্থী মনে করছেন না তিনি। প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণায় তিনি বলেছেন, নির্বাচনে জয় ছিনিয়ে আনতে পারেন, এমন কাউকে দলীয় সমর্থন দেওয়া উচিত।
রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
রিপাবলিকান দল থেকে এ পর্যন্ত ১৫ জন নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। তারা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রাইমারিতে লড়ছেন। এর মধ্য থেকে সরে দাঁড়ালেন ওয়াকার। বাকি ১৪ জনের মধ্য থেকে একজন যোগ্য প্রার্থীকে সমর্থন দিতে বিপাকে পড়েছেন ওয়াকারের সমর্থকরা। ওয়াকারের নির্বাচনী তহবিলে তার কয়েকজন সমর্থক অর্থ জমা দেন। সেসব অর্থ এখন অন্য প্রার্থীরা পাওয়ার চেষ্টা করছেন।
ওয়াকারের দুই ডজন সমর্থকের মতামত নিয়েছে রয়টার্স/ইপসোস। এতে দেখা গেছে, ওয়াকার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় তার সমর্থকরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্রার্থীকে সমর্থন করার কথা বলেছেন। রিপাবলিকান দলের আলোচিত প্রার্থী বেন কারসন, ডোনাল্ড ট্রাম্প, কারলি ফিওরিনা, মারকো রুবিওর দিকে ঝুঁকেছেন ওয়াকারের সমর্থকরা।
টেক্সাসের জৈবপ্রযুক্তি ব্যবসায়ী চার্ট ওয়েস্টকট ওয়াকারের নির্বাচনী তহবিলে ২ লাখ মার্কিন ডলার অনুদান দেন। এই অনুদান অন্য প্রার্থীরা পাওয়ার জন্য এরই মধ্যে তার কাছে অনুরোধ পাঠিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আগে সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই প্রক্রিয়ায় দল থেকে একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনিত করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় প্রাইমারি।

