আন্তর্জাতিক ডেস্ক : সৌদির পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান বিন আব্দুল আজিজ আল ইয়াহইয়া জানিয়েছেন, পবিত্র হজের উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে ১৩ লাখ ৭৪ হাজার ২০৬ জন দেশটিতে প্রবেশ করেছেন। এদের মধ্যে অবৈধ ভিসা বা ভুয়া পাসপোর্টের কারণে ৫শ ৩৪ জনকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা হজে অংশগ্রহণ করতে পারেননি।
এছাড়া এ ধরণের অবৈধ কাজে জড়িত থাকায় ১১ জনকে আটক করেছে কর্তৃপক্ষ তাদেরকে ২লাখ ৪০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। এদের মধ্যে তিন জনের গাড়ি জব্দ করা হয়েছে।
আল ইয়াহিয়া এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, পাসপোর্ট বিভাগ দক্ষ জনবল এবং উন্নত প্রযুক্তির সাহায্যে মক্কা ও মদীনায় আগমণকারী ব্যক্তিদের পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত কাগজপত্র যাচাই করেছে। যাদের কাগজপত্রে ত্রুটি ছিল তাদের হজ বাতিল করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, ‘ভুয়া ভিসার কারণে এয়ারপোর্টে আমরা ৬৭ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি। এছাড়া ৪৬৭ জনকে নিজ নিজ দেশে প্রেরণ করা হয়েছে। যদি এ ধরনের অপরাধ কেউ দ্বিতীয়বার করে তবে তাকে দুই মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার রিয়েল জরিমানা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

