আন্তর্জাতিক ডেস্ক : হজে যাচ্ছে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টিকারী টেক্সাসের সেই ১৪ বছর বয়সী ঘড়িবালক আহমেদ মোহাম্মদ। বুধবার জাতিসংঘের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতের পর হজের জন্য মক্কার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হয়েছে।
এর আগে গত সপ্তাহে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী মাসে সেখানে নাসার নভোচারীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবে আহমেদ। এছাড়া গুগল ও ফেসবুক থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে আহমেদ মোহাম্মদের বাবা মোহাম্মদ আল হাসান মোহাম্মদ গত সোমবার ডালাস মর্নিং’কে জানান, তাঁর ছেলে আহমেদ মোহাম্মদ এখন কোন স্কুলে ভর্তি করা হবে- তা এখনও সিদ্ধান্ত হয়নি। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় সেই ভয় এখনও কাটিয়ে উঠতে পারেনি। এমনকি ঠিকমতো ঘুমাতেও পারছে না। তাই ম্যাকআর্থার হাইস্কুলে আর যেতে চাচ্ছে না আহমেদ। স্কুলে অনাকাঙ্ঘিত বিড়ম্বনার শিকার হওয়ার পর অনেক মানসম্পন্ন স্কুলই তাকে ভর্তির আগ্রহ দেখিয়েছে। কিন্তু এ বিষয়েং এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছুতে পারেনি তার পারিবার। তবে মক্কা থেকে ফিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুলের নবম গ্রেডের ছাত্র ছিল আহমেদ। সম্প্রতি সে তার নিজের তৈরি বৈদ্যুতিক ঘড়িটি নিয়ে স্কুলে যাওয়ার পর এক শিক্ষিকা এটিকে বোমা ভেবে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে আহমদকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর গোটা বিশ্বেই সমালোচনার ঝড় বয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গসহ অনেক বিশিষ্ট ব্যক্তিই এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
এই ঘটনার পর থেকে গোটা বিশ্বে ‘ঘড়িবালক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই কিশোর।

