স্পোর্টস ডেস্ক : সেরা একাদশ বানানোর নেশা পেয়ে বসেছে শেন ওয়ার্নকে। সেই ধারাবাহিকতায় এবার তিনি বানালেন পাকিস্তানের সেরা টেস্ট একাদশ। ওয়ার্নের এই একাদশ থেকে বাদ পড়েছেন কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। তিনি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে। একাদশ গড়তে ওয়ার্ন বিবেচনায় নিয়েছেন ১৯৯০ সাল থেকে খেলা খেলোয়াড়দের। ওই সময় থেকে ওয়ার্নেরও ক্যারিয়ার শুরু। একাদশ বানাতে আরও একটি বিষয় বিবেচনায় নিচ্ছেন, সেটা হলো ওই খেলোয়াড়দের বিপরীতে তার খেলার বিষয়টি। ওয়ার্নের দলে লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন বর্তমান পাকিস্তান দলের টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদি। ২৭ টেস্ট খেলা আফ্রিদি সাদা পোশাকের ক্রিকেট ছাড়েন ২০১০ সালে। ৩৬.৫১ গড়ে রান করেছেন এক হাজার ৭১৬। ওয়ার্নের দলে ঢুকতে আফ্রিদিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে মুশতাক আহমেদের সঙ্গে। ১৯৯০ থেকে ২০০৩ এই সময়ে মুশতাক খেলেছেন ৫২ টেস্ট। উইকেট তুলে নিয়েছেন ১৮৫টি।
ওয়ার্ন তার ফেসবুক পেজে লিখেছেন, ‘অনেক ভালো খেলোয়াড়ই অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন। আমার বন্ধু দুর্দান্ত লেগ স্পিনার মুশতাক আহমেদকে বাদ দেওয়া ছিল খুবই কঠিন। কিন্তু আফ্রিদি টিকে গেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে। মুশতাককে নিতে গেলে বাদ পড়তো সাকলাইন মুশতাক।’
ওয়ার্ন জানিয়েছেন, তারপরও তিনি তার একাদশে মুশতাককে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সেটা করতে গেলে ওয়াকার ইউনিস কিংবা শোয়েব আখতারের একজনকে বাদ দিতে হতো। পাকিস্তান টেস্ট দলের অপরিহার্য সদস্য ইউনিস খান সুযোগ পেয়েছেন ওয়ার্নের একাদশে। তাকে ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশনে রেখেছেন তিনি। ওয়ার্ন ওপেনার হিসেবে বেছে নিয়েছেন সাঈদ আনোয়ার এবং আমির সোহেলকে। সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম- উল-হকের পজিশন চার নম্বরে।
মোহাম্মদ ইউসুফকে ওয়ার্ন রেখেছেন পাঁচ নম্বর পজিশনে। ৫২.২৯ গড়ে টেস্টে তার রান ৭ হাজার ৫৩০। উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খানের ঠিক আগে অর্থাৎ ছয় নম্বরে ব্যাট হাতে নামবেন আফ্রিদি। আর মঈন সাতে। পেস-ত্রয়ীর অগ্রভাগে থাকা আকরাম তো অধিনায়কই। তার সঙ্গে থাকছেন গ্রেট ওয়াকার ইউনিস, যিনি এখন পাকিস্তান দলের কোচ। থাকছেন গতির ঝড় তোলা শোয়েব আখতার। একমাত্র অফ-স্পিনার হিসেবে থাকছেন দুসরা মাস্টার সাকলাইন মুশতাক।
ওয়ার্নের সময়ে খেলা পাকিস্তান দলের দুই সেরা পেস অলরাউন্ডার আবদুল রাজ্জাক এবং আজহার মাহমুদ। এই দু’জনের কারোরই জায়গা হয়নি সেরা একাদশে। ওয়ার্ন লিখেছেন, ‘আবদুল রাজ্জাক এবং আজহার মাহমুদ একাদশ তৈরি করতে আমাকে কঠিন সমস্যায় ফেলেছিল।’
ওয়ার্নের চোখে পাকিস্তানের সেরা টেস্ট একাদশ (১৯৯০ সাল থেকে-বর্তমান):
সাঈদ আনোয়ার, আমির সোহেল, ইউনিস খান, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, শহিদ আফ্রিদি, মঈন খান, ওয়াসিম আকরাম (অধিনায়ক), সাকলাইন মুশতাক, শোয়েব আখতার, ওয়াকার ইউনিস।

