স্পোর্টস ডেস্ক : মাথায় বল রেখে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন সেই ২০১২ সালে। এবার নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের বিস্ময়কর এক প্রতিভা, আব্দুল হালিম।
আগামী মাসেই (অক্টোবরে) তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন একটি রেকর্ড গড়ার প্রচেষ্টা চালাবেন। সেটার জন্য অনেক দিন ধরেই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এবার নতুন রেকর্ডটি গড়ার পালা।
এই রেকর্ড গড়ার ক্ষেত্রে আব্দুল হালিমকে পৃষ্ঠপোষকতা করবে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এর আগে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেলের ব্যানারে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড নিজের নাম অন্তর্ভূক্ত করেছিলেন তিনি।
মাথায় বল নিয়ে ১১.১২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মালয়েশিয়ার ই মিং লু। তার সেই রেকর্ড ভাঙতে ২০১১ সালের ২২ অক্টোবর হালিম ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাথায় বল নিয়ে টানা ১৫ দশমিক ২ কিলোমিটার হাঁটার ভিডিও দৃশ্য ধারণ করে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জমা দেন। গিনেস কর্তৃপক্ষ ৩ নভেম্বর ভিডিও ফুটেজ পায়। এগুলো পর্যবেক্ষণ করে তারা ১৩ জানুয়ারি হালিমের বিশ্ব রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে। পরে ২৪ জানুয়ারি গিনেসের ওয়েবসাইটে সংযুক্ত হয় হালিমের নাম। বিশ্বজয়ের স্বীকৃতির সনদ হালিম হাতে পান ৩১ জানুয়ারি।
এবার আরো আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার নিমিত্তে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘কোন বিষয়ে এবার নতুন বিশ্ব রেকর্ড গড়ব সেটা এখনই বলতে চাচ্ছি না। তবে আগামী মাসে ইনশাল্লাহ সেটা হবে। তখনই সবাইকে আমন্ত্রণ করে জানাবো। তবে আমি যে রেকর্ডটি গড়ব সেটার জন্য সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব পাশের রাস্তাটি প্রয়োজন হবে। ওই জায়গাটি ছাড়াও সম্ভব। কিন্তু ওটা হলে আমার জন্য সবচেয়ে ভালো হবে। আশা করছি রাস্তাটি ব্যবহার করার সুযোগ পাব আমি।’
আব্দুল হালিমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ফুটবলে আকৃষ্ট হন। ফুটবল নিয়ে তিনি অর্ধশতাধিক আকর্ষণীয় খেলা দেখাতে পারেন।

