বিনোদন ডেস্ক : ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র পর ফের ‘তামাশা’য় একসঙ্গে মজলেন বলিউডের রোমান্টিক বয় খ্যাত অভিনেতা রনবীর কাপুর ও আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। আর এরইমধ্যে পোস্টার ও টিজারে প্রকাশ পেয়েছে ‘তামাশা’র প্রথম ঝলকও। এবার ইউটিউবে প্রকাশ পেল বহুল প্রতিক্ষীত ‘তামাশা’র ট্রেলারও!
জানা গেছে, পর্দায় রনবীর কাপুর আর দীপিকা পাডুকোনের ক্যামিস্ট্রিটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দর্শকেরা, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ হিট হওয়া তার বড় একটি কারণ। বলিউডের এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘রকস্টার’ নির্মাতা ইমতিয়াজ আলী নির্মাণ করছেন ‘তামাশা’। এরইমধ্যে ‘তামাশা’র একাধিক স্টিল ফটোগ্রাফি নিয়ে ব্যাপক আলোচনা বলি-পাড়ায়। ১৯ সেপ্টেম্বর পোস্টারেও প্রকাশ পেয়েছে ‘তামাশা’র প্রথম ঝলক। আর এবার ইউটিউবে প্রকাশ হলো তামাশা’র ট্রেলারও।
শুধুমাত্র ‘তামাশা’র ট্রেলার প্রকাশের জন্য অভিনেতা রনবীর কাপুর লন্ডনে শ্যুটিং থামিয়ে ২২ সেপ্টেম্বর সকালে মুম্বাইয়ে আসেন। তার উপস্থিতিতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় অতঃপর প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ‘তামাশা’-র ট্রেলার।
উল্লেখ্য, ইমতিয়াজ আলীর পরিচালনায় রনবীর কাপুর ও দীপিকা পাডুকোনের অভিনয়ে ‘তামাশা’ আসছে নভেম্বরে মুক্তি পাওয়ার কথা।

