স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় ভারত ‘এ’ দলের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ ‘এ’। তিনদিনের ম্যাচে এসে পরিবর্তন হল না ব্যাটিং দৈন্যদশার। টপ-অর্ডারের ব্যর্থতায় আবারো চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’। একমাত্র লিটন দাস ছাড়া বাকি সবাই করেছেন মোবাইলের ডিজিট। এরপর টেল-এন্ডfরদের নিয়ে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলেন শুভাগত হোম চৌধুরী। তার ব্যাটে ভর করেই মূলত ১৫৮ রান পর্যন্ত যেতে পেরেছে সফরকারীরা।
প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে শুভাগত হোম নিজের নামের পাশে করেন ৫৫ রান। তার ৬৫ বলের ইনিংসটি ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল। মহিশুরে কর্ণাটক রাজ্য দলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে মুমিনুল হকের দল। শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ‘এ’। দলীয় কোনো স্কোর না হতেই সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। দলীয় ১ রানে ফেরেন অধিনায়ক মুমিনুল হকও। দেখতে দেখতে ৪১ রানে নেই ৫ উইকেট। এরপর লিটন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৫০ বলে ৫০ রান করে নিলে ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের ইনিংস ১০০ রানের কোটা স্পর্শ করতে পারবে কী-না সেটা নিয়ে শঙ্কা দেখা দেয়।
তবে বাংলাদেশকে ১০০ রানের আগে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে উদ্ধার করেন শুভাগত হোম। প্রথমে কামরুল হাসান রাব্বিকে (৮) নিয়ে ২৮ রানের জুটি গড়ে দলের ইনিংস ১০০ পেরিয়ে যেতে সাহায্য করেন শুভাগত। ১০৪ রানের মাথায় রাব্বি ফিরে গেলে দ্রুত জুবায়ের হোসেনকেও হারায় বাংলাদেশ ‘এ’ দল। দলীয় ১০৯ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে ফিরেন জুবায়ের।
এরপর সাকলাইন সজিবকে (১৫) নিয়ে ৩৯ রানের দারুণ এক জুটি গড়ে নিজের অর্ধ-শতক পূর্ণ করেন শুভাগত। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে শুভাগত হোম একপ্রান্ত আগলে না রাখলে ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে বড় ধরনের লজ্জায় পড়তে হতো ‘এ’ দলকে।


