স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আর পাওয়ার স্পন্সর হয়েছে মার্সেল। তাই আগামী মাস থেকে শুরু হতে যাওয়া সিরিজের নাম হবে ‘ওয়ালটন টেস্ট ক্রিকেট সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া পাওয়ার্ড বাই মার্সেল’। মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ সম্মেলনে ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।
বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। আর মার্সেলের পক্ষে উপস্থিত ছিলেন অপারেটিভ ডিরেক্টর মতিউর রহমান। অন্যদিকে এক্সিম টেকনোলজির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক।
ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘২০১১ সালে আমরা প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হই। এবার দ্বিতীয়বার টাইটেল স্পন্সর হওয়ার সুযোগ লাভ করি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেই ধারাবাহিকতা দেখিয়ে আসছে, আশা করছি আগামীতেও এটি অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ৩ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৯-১৩ অক্টোবর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে। এরপর ১৭-২১ অক্টোবর মিরপুরের হোম অব ক্রিকেটে দল দুটি দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে।

