নিজস্ব প্রতিবেদক : গতকাল পর্যন্ত অপারেটররা গ্রাহকদের যে তথ্য দিয়েছে তা খুবই অপর্যাপ্ত। সব অপারেটর মিলিয়ে প্রায় ১৩ কোটি সিম আছে। এর মধ্যে মাত্র ৭ দশমিক ৬৫ শতাংশ সিমের তথ্য মিলেছে। দেশে ৭৫ শতাংশ সিম অবৈধভাবে নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, ‘গ্রাহকের হাতে থাকা প্রায় ১৩ কোটি সিমের মধ্যে এক কোটির তথ্য সরকার হাতে পেয়েছে। সেই এক কোটি গ্রাহকের নিবন্ধন যাচাই করা হয়েছে। এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি। এছাড়া এক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম নিবন্ধনের তথ্যও পাওয়া গেছে।’
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে সভার আগে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহী, ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, এনটিএমসি ও বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে তিনি এ বৈঠক করেন।
তারানা হালিম বলেন, ‘সিম নিবন্ধনের গতকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য আশাব্যঞ্জক নয়। একটি জাতীয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম নিবন্ধন হয়েছে বলে জানা গেছে। এগুলো সবই অবৈধ।’
অবৈধ সিমের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা সবাইকে একটি নিয়মের আওতায় আনতে চেষ্টা করছি।’
এসময় মোবাইল অপারেটর প্রতিনিধিরা ছাড়াও এনআইডি প্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

