নিজস্ব প্রতিবেদক : কোরবানির বর্জ্য অপসারণে বিনামূল্যে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন লাখ ৫০ হাজার গারবেজ ব্যাগ বিতরণ করছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিতরণ করেছে আড়াই লাখ।
ঈদুল আযহায় পশু কোরবানির বর্জ্য অপসারণের সুবিধার্থে গত তিন বছর ধরে এ উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এছাড়া এবার ৩৬ ঘণ্টার মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণ সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।
ডিএনসিসি ও ডিএসসিসি সূত্রে জানা গেছে, এবারই প্রথম বর্জ্য অপসারণ কার্যক্রম সহজ করতে ঈদে পশু কোরবানির জন্য রাজধানীতে প্রায় ৫৩৫ টি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। বর্জ্য অপসারণে এবার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি সরকারি-বেসরকারি সহায়তায় ব্যবহার করা হবে ভারি যন্ত্র।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, ‘আশা করছি কোরবানির পশুর বর্জ্য আমরা ৩৬ ঘণ্টার মধ্যে অপসারণ করতে পারব। তবে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণে সফল হবো। এছাড়া নিয়মিত চার হাজার পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত থাকবে।’
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রাকিব উদ্দিন বলেন, ‘আশা করছি এবার আমরা পশু কোরবানির ৩৬ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে পারবো। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা সেনাবাহিনী, রাজউক, ওয়াসা ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেবো। এবার ডিএসসিসিতে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত থাকবে ৫ হাজার ২০০ কর্মী। সঙ্গে থাকবে ৯টি পে-লোডার, ৭টি টায়ার ডোজার, ৩৫টি ডাম্পার, ৪টি ট্রেইলার, ৭৩টি কন্টেইনার, ১৭ কম্পেক্টর ও ১৩৫টি খোলা ট্রাক।
উত্তরের পরিচ্ছন্নতা কাজে ৪ হাজার চারশ’ কর্মীর সঙ্গে থাকবে ৫টি পে-লোডার, ৭টি টায়ার ডোজার, ৩টি এক্সেভেটর, ৩টি চেইন ডোজার, ২৫টি ডাম্পার, ৫টি পানির গাড়ি, ৪টি ট্রেইলার, ২টি প্রাইম মুভার।

