তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের বাজারে বিক্রিতে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি বাজারে অ্যাপলের নতুন দুইটি ফ্লাগশিপ আইফোন এসেছে। এতে করে স্যামসাংয়ের সঙ্গে অ্যাপলের প্রতিযোগিতা আরো বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্যামসাং ঘোষণা দিয়েছে গ্রাহকদের ব্যবহারের জন্য তাদের ফোন ভাড়া দেয়া হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, বাজার দখল করতে নতুন একটি অফার চালু করার পরিকল্পনা নিয়েছে স্যামসাং। এই অফারের আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিষ্ঠানটি তাদের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন ভাড়া দেবে।
যদিও এর আগে অল্প কিছুদিনের জন্য ফ্রি ব্যবহারের জন্য গ্রাহকদের ফোন দিয়েছিল অ্যাপল। অ্যাপলের সেই অফার অনেকেই লুফে নিয়েছিল। যুক্তরাষ্ট্রের স্থানীয় মোবাইল অপারেটরের সাহায়তায় ক্যাম্পেইনটি পরিচালনা করে অ্যাপল।
স্যামসাংয়ের এক কর্মকর্তা সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অ্যাপলের মতই টেলিকম অপারেটরের সহায়তায় গ্যালাক্সি ফোন ভাড়া দেবে স্যামসাং। খুব শিগগিরই ক্যাম্পেইনটি চালু হবে। দুই বছরের জন্য গ্রাহকরা ফোনটি ভাড়ায় পাবেন। এক্ষেত্রে গ্রাহককে ফোনের পুরো দামটি আগেই পরিশোধ করে জমা রাখতে হবে।

