স্পোর্টস ডেস্ক : আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে সাবেক লংকান ক্রিকেটার রোশন মহানামার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার রিচি রিচার্ডসন। গেল সপ্তাহে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রোশন মহানামা। আগামী বছরের শুরুতে তিনি সরে দাঁড়াবেন বলে ঘোষণা দেন। তার জায়গা নিবেন রিচার্ডসন।
এদিকে আগামী বছরে আগে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে যোগ দিতে পারবেন না রিচি রিচার্ডসন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে আপাতত দায়িত্ব পালন করছেন তিনি। আগামী মাসের শুরুতে ক্যারিবিয়ান দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে সাবেক এই ক্রিকেটার আইসিসিতে যোগ দিবেন।
এই নিয়োগের ফলে ২০০৭ সালের পর প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে যোগ দিতে যাচ্ছেন রিচি রিচার্ডসন। ২০০৭ সালে ক্লাইভ লয়েড আইসিসির ম্যাচ রেফারিদের প্যানেল থেকে অবসর নেয়ার পর রিচার্ডসনই প্রথম ক্যারিবিয়ান হিসেবে ম্যাচ রেফারি হিসেবে আইসিসিতে যোগ দিবেন।
আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে ডাক পেয়ে বেশ উচ্ছ্বসিত রিচি রিচার্ডসন, ‘আমি ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদের জন্য মনোনীত হতে পেরে রোমাঞ্চিত ও গর্বিত বোধ করছি।’
২০১১ সালের জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রিচি রিচার্ডসন। আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। এরপর আইসিসিতে যোগ দিবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৮৩ সাল থেকে ১৯৯৫ সালে ৮৬টি টেস্ট এবং ২২৪টি ওয়ানডে খেলেন রিচি রিচার্ডসন। টেস্টে ৪৪.৩৯ গড়ে ১৬টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৫ হাজার ৯৪৯ রান করেন তিনি। এছাড়া ওয়ানডেতে ৩৩.৪১ গড়ে ৫টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ২৪৮ রান করেন এই সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার।

