স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ঐতিহ্যের সিরিজ অ্যাশেজ জিতে দারুণ ফর্মে রয়েছে ইংল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে ইংলিশদের পরের অভিযান পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এখানকার কন্ডিশনে ইংলিশদের অতীত খুব একটা সুখকর নয়। তাই পাকিস্তানের সঙ্গে কোমর বেঁধেই ঝাঁপাবে অ্যালিস্টার কুকের দল। কিন্তু পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিসের কথা শুনলে মন খারাপই হবে ইংলিশদের। তিনি রাখঢাক না রেখে সোজাসাপ্টা বলে দিয়েছেন, আরব আমিরাতে ইংল্যান্ডকে হারানোর সামর্থ্য রাখে তার শিষ্যরা।
যদিও সাবেক পাকিস্তান অধিনায়ক বলছেন, অ্যাশেজ জিতে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে ইংল্যান্ড। ওয়াকার বলেন, ‘জিম্বাবুয়েতে সীমিত ওভারের ক্রিকেটের চেয়ে আমাদের পুরো মনোযোগ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের দিকে। এই সিরিজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি দলের কাছে চাই, তারা যেন গত বছর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি করে।’
আর এটা হলে ওয়াকারের বিশ্বাস তারা সিরিজও জিততে পারবে, ‘আমার বিশ্বাস আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে পারি। এ জন্য আমাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে যেভাবে খেলেছি ওভাবে খেলতে হবে। আমিরাতের পিচ কেমন আমাদের খেলোয়াড়েরা তা জানে। সেখানে বেশ কয়েকটি সেঞ্চুরি করেছে ইউনিস খান, মিসবাহ-উল-হক এবং আজহার আলি। কাজেই আমি মনে করি, আমরা ভালো করতে পারি।’
ইংল্যান্ডেরও দারুণ কয়েকজন খেলোয়াড় আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেটা জানা আছে ওয়াকারেরও, ‘তাদের (ইংল্যান্ড) ভালো মানের কয়েকজন খেলোয়াড় রয়েছে। তবে আমিরাতের কন্ডিশন আলাদা। আর আমাদের খেলোয়াড়রা সেখানে খেলছে দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে।’

