আন্তর্জাতিক ডেস্ক : রোমান ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান পোপ ফ্র্যান্সিস ছয় দিনের সফরে এখন কিউবার রাজধানী হাভানায় অবস্থান করছেন। গত শনিবার তিনি হাভানায় পৌঁছান। তিনি সেখানে চারদিন অবস্থান করবেন বলে জানা গেছে। এরপর পোপ ফ্র্যান্সিস আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডি. সি. তে পৌছার কথা রয়েছে। পোপ হিসেবে এটি তার সর্বপ্রথম কিউবা তথা উত্তর আমেরিকা ভ্রমণ। তাঁর এই ভ্রমণ যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কমিউনিস্ট ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কীভাবে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করানো যায় তা তার এই ভ্রমণের একটি অন্যতম দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত শনিবার পোপ ফ্র্যান্সিস হাভানা পৌঁছান আর এর আগেই তার এই সফরকে সামনে রেখে কিউবায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। প্রেসিডেন্ট এর নির্দেশে ওইদিন বিমানবন্দর থেকে পোপ এর থাকার স্থান অর্থাৎ রাষ্ট্রদূতের বাসভবন পর্যন্ত হাজার হাজার মানুষকে দাঁড় করানো হয়। এই উপলক্ষে সেইসব শ্রমিকদের আর অন্যান্য পেশার শ্রমজীবী মানুষদের একদিনের মজুরিসহ খাবার সরবরাহ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহন করেন। এই চারদিনের সফরে তিনি কিউবার বিপ্লবী নেতা, প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর ভাই ফিদেল ক্যাস্ট্রোর সাথেও সাক্ষাৎ করবেন। পোপের এই সফর ঠাণ্ডা যুদ্ধের দুই প্রতিদ্বন্দ্বীকে এক করে দিতে কতটুকু ভূমিকা রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়।

