নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর হাটগুলোতে আসা পশুর ট্রাক থেকে মহাসড়কে পুলিশ চাঁদা নিলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজি) মো. মোখলেসুর রহমান।
রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরে ঈদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, দু-একজন পুলিশ সদস্যের জন্য সমগ্র পুলিশ বাহিনীকে কলঙ্কিত করা যাবে না। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা নেয়ার নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের এ ধরনের কর্মকাণ্ড নজরদারি করতে ইন্টেলিজেন্স এবং ফিল্ড কমান্ডাররা নিয়োজিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

