স্পোর্টস ডেস্ক : ওয়েস্টহ্যাম কোচ স্লাভেন বিলিচের বাসায় গিয়ে সরাসরি তাকে অভিনন্দন জানাতে পারেন হোসে মরিনহো। যেভাবে একেরপর এক চেলসি হারছিল আর টানা জিতে যাচ্ছিল ম্যানসিটি, তাতে কেউ কেউ এমনও আশঙ্কা করেছিলেন, লিগের প্রথম অর্ধেই কি না শিরোপা নিশ্চিত করে ফেলে ম্যানসিটি! বাস্তবে সেটা সম্ভব না হলেও, সিটির জয়রথ অব্যাহত থাকলে লিগ শেষ হওয়ার অনেক আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলার একটা সম্ভবনা থাকে। কিন্তু, সেটা আর হচ্ছে কোথায়! ওয়েস্ট হ্যামের কাছেই যে হেরে বসল ম্যানসিটি!
ইংলিশ প্রিমিয়ার লিগে যেভাবে উত্তেজনা জন্ম দিয়ে প্রতিটি ম্যাচে আকর্ষণ তৈরী করে, তেমনি সম্ভবত আর কোন লিগই পারে না। ম্যানসিটিও তাই নিজেদেরকে অপরাজেয় রাখতে পারেনি। নিজেদের মাঠেই অখ্যাত ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে হেরে গেলো ১-২ ব্যবধানে। আচমকা এই হারের ফলেও পয়েন্ট তালিকায় অবস্থানের হেরফের হয়নি। ৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ম্যানসিটি। যে দলের কাছে হেরেছে পেলিগ্রিনির শিষ্যরা, সেই ওয়েস্টহ্যাম ইউনাইটেড রয়েছে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
সপ্তাহের মাঝেই চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের কাছে হেরে গিয়েছিল ম্যানসিটি। সেই ধারাবাহিকতাই যেন ধরে রাখল তারা। তারওপর, ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ওয়ার্মআপে ইনজুরিতে পড়েন ডেভিড সিলভা। তার পরিবর্তে পরে দলে নেওয়া হয় জেসাস নাভাসকে। ম্যাচে এর প্রভাবই পড়েছে সবচেয়ে বেশি বলে মনে করছেন বোদ্ধারা।
তবে এবার ইংলিশ প্রিমিয়র লিগে ওয়েস্টহ্যামকে ‘ব্ল্যাক হর্স’ বললেও কম বলা হবে যেন। একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে স্লাভেন বিলিচে শিষ্যরা। আর্সেনাল-লিভারপুলের মত দলকে হারিয়ে মৌসুমের শুরুতেই চমক তৈরী করেছে ওয়েস্টহ্যাম। এবার তারা হারিয়ে দিল শক্তিশালি ম্যানচেস্টার সিটিকে।
ম্যানসিটির মাঠে খেলা হলেও শনিবার শুরু থেকেই দুরন্ত ফুটবল মেলে ধরে ওয়েস্টহ্যাম। ম্যাচের ৬ মিনিটে ভিক্টর মোজেস গোল করে সফরকারীদের এগিয়ে দেন। ইত্তিহাদ স্টেডিয়ামের গ্যালারি ওয়েস্টহ্যামের খেলা দেখে যেন বিস্ময়ে বিস্ময়াভিভূত হয়ে যাচ্ছিল। খেলার শুরুতেই গোল করে সেটা বিস্ময়কে তারা আরও বাড়িয়ে তোলে। এরপর ৩১ মিনিটে ডি সাখো গোল করে ব্যবধান বাড়ান ওয়েস্টহ্যামের পক্ষে। বিরতির ঠিক আগে কেভিন ডি ব্রুইন গোল করে সিটির পক্ষে ব্যবধান কমান।
২-১ গোলে পিছিয়ে থেকেই মধ্যাহ্ন বিরতিতে যায় ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। বিরতির পরে সিটি সমর্থকরা প্রত্যাশা করেছিলেন, গোল শোধ করে জয় ছিনিয়ে আনবেন আগুয়েরোরা। কিন্তু বাস্তবে দেখা গেল অন্য ছবি। আক্রমণ শানালেও গোল তুলে আনতে পারেনি সিটি।

