সিলেট প্রতিনিধি : সিলেটে আয়কর মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘আগামীতে পাঠ্যপুস্তকে আয়কর সম্পর্কে লেখা অন্তর্ভুক্ত করা হবে। তখন শিক্ষার্থীরা আয়কর সম্পর্কে ধারণা নিতে পারবে।’
শুক্রবার বিকেলে সিলেটে চলমান আয়কর মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বেসরকরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহার হওয়ায় রাজস্ব খাতে প্রভাব পড়বে জানিয়েছেন তিনি বলেন, ‘তবে বিভিন্নখাত থেকে রাজস্ব আদায় করে এর প্রভাব দূর করা যাবে বলে আশা করি।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে আয়করের পরিধি বাড়ছে। বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে যত এগিয়ে যাবে, ততই রাজস্বের পরিধি বাড়বে।’
আগামী বছর আয়কর নিয়ে দেশব্যাপী রচনা প্রতিযোগিতার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘রাজস্ব বোর্ডকে আরো শক্তিশালী করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। যাতে সবাই আয়কর দেয় সে ব্যবস্থা নিয়েছে এনবিআর।’
মো. নবিজুর রহমান সবাইকে কর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা উপযুক্ত তাদের কর দিতেই হবে। ফাঁকি দিলে ব্যবস্থা নেয়া হবে।’
নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট কর অঞ্চল আয়োজিত আয়কর মেলার তৃতীয়দিন শুক্রবার এনবিআর চেয়ারম্যানের মেলা পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের কর কমিশনার মাহমুদুর রহমান, অতিরিক্ত কর কমিশনার শহিদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার জাকির হোসেন, উপকর কমিশনার শান্ত কুমার সিংহ, কাজল কুমার সিংহ প্রমুখ।

