ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভীতি কাটাতে পারলেই করদাতার সংখ্যা বাড়বে

Link Copied!

amuঅর্থনৈতিক প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘করদাতারা আয়কর রিটার্ন পূরণ ও দাখিল করাকে ঝামেলাপূর্ণ মনে করেন। এসব নিয়ে বেশিরভাগ করদাতার মধ্যে ভীতি কাজ করে। এই ভীতি দূর করতে পারলে দেশের করদাতার সংখ্যা দ্রুত বেড়ে যাবে।’
বুধবার সাড়ে ১১টায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলা-২০১৫ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘ জনসংখ্যা অনুযায়ী আমাদের প্রতিবেশী দেশের তুলনায় কর দাতার সংখ্যা অনেক কম। কর প্রদানে জটিলতার কারণেই এই সংখ্যা কমে যাচ্ছে। করদাতারা আয়কর রিটার্ন পূরণ ও দাখিল করাকে ঝামেলাপূর্ণ মনে করেন। এসব নিয়ে বেশিরভাগ করদাতার মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। তাই আমি মনে করি এই ভয়ভীতি দূর করতে পারলে করদাতার সংখ্যা দ্রুত বেড়ে যাবে।’
তিনি বলেন, ‘করদাতাদের মধ্যে এসব নেতিবাচক বিষয় দূর করার জন্য এনবিআর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আয়কর মেলা অন্যতম। এই মেলা করবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এতে করদাতারা কর পরিশোধসহ আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারনা পাবেন। ফলে অহেতুক ভয় কেটে যাবে।’
করদাতাদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ আয়কর প্রদানের বিষয়ে ভয়ভীতি কাটাতে এই মেলায় আসুন।  মেলায় এলে আাপনারা কর পরিশোধসহ আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারনা পাবেন। আপনাদের সমস্যা নিয়ে এনবিআরের সঙ্গে আলোচনা করুন, তার সমাধান পাবেন। মনে রাখবেন, আপনার কর দেয়ার মাধ্যমে দেশের উন্নয়ন হবে এবং আপনার সম্পদের সমৃদ্ধি বাড়বে।’
আমির হোসেন আমু বলেন, ‘স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা। এজন্য তিনি ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৭৬ নম্বর আদেশ বলে এনবিআর গঠন করেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিতে কাঙ্খিত অগ্রগতি অর্জিত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। করদাতার সংখ্যা বাড়াতে পারলে ২০৪১ সালে আগেই কাক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারবো।’
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘গতকাল ব্যবসায়ীদের পক্ষ থেকে সেরা করদতাদের সিআইপি মর্যাদা দেয়ার দাবি উঠেছিল। এ বিষয়ে শিগগিরই নীতিগত সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছি। বিষয়টি আজ শিল্পমন্ত্রীর কাছেও উপস্থাপন করলাম।’
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কর প্রদানের ক্ষেত্রে ভয় করবেন না। আগের চাইতে এনবিআর অনেক করবান্ধব। আপনাদের কাছে আমরা সেবক হিসেবেই থাকতে চাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবদুর  রাজ্জাক। পরে প্রধান অথিতিকে মেলার স্টলগুলো ঘুরে দেখানো হয়। আয়কর দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী এই আয়কর মেলার আয়োজন করা হয়েছে।