আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার এক বিমানঘাঁটিতে আধা ডজনের মত ট্যাঙ্ক মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের অভিযোগ, প্রেসিডেন্ট বশির আল আসাদের প্রতি অব্যাহত সমর্থনের প্রমাণ হিসেবেই দেশটিতে ট্যাঙ্ক মোতায়েন করেছে মস্কো। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছেন উর্ধ্বতন এক সিরীয় কর্মকর্তা।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সিরিয়ার টাটাকিয়া ঘাঁটিতে কমপক্ষে সাতটি রুশ টি-৯০ ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিবরি বলেছেন,‘আসাদ সরকারের প্রতি নিজেদের অব্যাহত সমর্থন প্রদর্শন করতেই এই ট্যাঙ্ক মোতায়েন করেছে রুশ সরকার।’
তিনি আরো বলেন, তাদের এ পদক্ষেপ দেখে মনে হয়, সিরিয়ায় ওই বন্দর শহরটিতে বিমান পরিচালনার জন্য তারা সেখানে একটি বিমানঘাঁটি তৈরির পাঁয়তারা করছে।
তবে ওয়াশিংটনের এই অভিযোগকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন মস্কোতে নিয়োজিত সিরীয় রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ। রুশ সংবাদ মাধ্যম ইতার তাসকে দেয়া এক বিবৃতিতে তিনি আরো বলেছেন,‘রাশিয়ার সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্ক ৩০-৪০ বছরের পুরনো। তারা আমাদের নানা ক্ষেত্রেই সহযোগিতা করে থাকে। তারা আমাদের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামাদিও দিয়ে থাকে। দু দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির আওতায় এসব সরবরাহ করে থাকে রুশ সরকার।’
তবে সিরিয়ায় রুশ ট্যাঙ্ক মোতায়েনের খবরে কোনো মন্তব্য করতে রাজি হননি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। যদিও এর আগে গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভারভ সিরিয়া সরকারকে আরো সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি ৮০ টন ত্রাণ সামগ্রি নিয়ে রাশিয়ার দুটি কার্গো বিমান সিরিয়া পৌঁছেছে বলে স্বীকার করেছিল দামেস্ক সরকার। মস্কো সিরিয়া সরকারকে সামরিক সহায়তা দিচ্ছে বলে সম্প্রতি খবর প্রকাশিত হওয়ার পর শনিবার ওই বিমান দুটি উপকূলীয় শহর লাটাকিয়ার নিকটবর্তী বিমান ঘাঁটিতে অবতরণ করে।

