আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মঙ্গলবার তৃতীয় দিনের মতো ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে ।
ফিলিস্তিনি তরুণরা মঙ্গলবার সকালে মসজিদের আশেপাশে জড়ো হয়ে পুলিশের ওপর পাথর ও দাহ্যবস্তু নিক্ষেপ করতে শুরু করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে ১৭ জন আহত হয়।
জেরুজালেম সম্পর্ক বিভাগের প্রধান সুলেইমান আহমাদ আল-জাজিরা অনলাইনকে জানান, ইসরাইলি স্নাইপাররা মসজিদের ছাদের ওপরে অবস্থান নিয়েছে এবং তারা রাবার বুলেট ব্যবহার করছে।
আল-আকসা মসজিদ সম্পর্ক বিভাগের পরিচালক আজম খাতিব জানান, আগের দুদিনের তুলনায় মঙ্গলবার সহিংস পরিস্থিতির অবনতি হয়েছে।
এর কারণ হিসেবে তিনি বলেন, ‘ যেসব ফিলিস্তিনি মসজিদের ভেতরে অবস্থান করছিল ইসরায়েলি পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে তাদের বের করে আনার চেষ্টা করে। এসময় পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে।
রোববার ইহুদি নববর্ষ শুরুর প্রাক্কালে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের সূচনা হয়। মুসলমানদের কাছে আল-আকসা তৃতীয় পবিত্রতম মসজিদ। এছাড়া ইহুদি সম্প্রদায়ের কাছেও এটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তবে মসজিদের ভেতরে ইহুদিদের প্রবেশের অনুমতি থাকলেও সেখানে তাদের প্রার্থণার অনুমতি নেই।

