আন্তর্জাতিক ডেস্ক : মিশরের নিরাপত্তা বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজন মেক্সিকান পর্যটকও রয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববার এক সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় ভুল করে ১২ জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনায় ঠিক কতজন মেক্সিকান নিহত হয়েছেন তা উল্লেখ করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার স্থানীয়দের সঙ্গে মিলে চারটি বাসে করে পশ্চিমাঞ্চলীয় মরুভূমি অঞ্চলের ‘নিষিদ্ধ এলাকা’ ওয়াহাট সফর করছিলেন পর্যটকরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। এ ঘটনায় ১২ জন নিহত হন। এছাড়া ১০ মেক্সিকানসহ আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
এ ঘটনার তদন্তে একটি টিম গঠন করেছে ওই মন্ত্রণালয়।

