আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের গোমাল জেলায় বুধবার তেহরিক-ই-তালিবান পাকিস্তান সংক্ষেপে টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় টিটিপি দলের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরাস্তান অঞ্চলের গোয়েন্দা কর্মকর্তারা শুক্রবার গোমালে ওই ড্রোন হামলার খবর নিশ্চিত করেছেন। এদের একজন স্থানীয় ডন পত্রিকাকে জানিয়েছেন,‘হামলায় ১৫ জন নিহত হয়েছেন এবং তাদের মৃতদেহ শীঘ্রই ওয়াজিরিস্তানের দেরা ইসমাইল খান এলাকায় নিয়ে আসা হবে।’
জঙ্গি হামলা সম্পর্কে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি বোঝাপড়া হওয়ার মাত্র এক সপ্তাহ পর টিটিপি’র বিরুদ্ধে হামলা চালানো হল।
গতবছর আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদারতা দেখাচ্ছেন আশরাফ গনি। ফলে কূটনীতিকদের আশা, আগামীতে দীর্ঘ দিন ধরে চলা আফগান লড়াই বন্ধে জঙ্গিদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবে ইসলামাবাদ সরকার।

