আন্তর্জাতিক ডেস্ক : ১৫ খণ্ডের বিশাল ফতোয়া। যা কি-না এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড়। তাও আবার মুসলিম ধর্মগুরুরা এ ফতোয়া জারি করেছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে। যা গতমাসে জাতিসংঘরে মহাসচিব বান কি মুনের কাছে পাঠানো হয়েছে। ইসালামিক ডিফেন্স সেলের প্রেসিডেন্ট ড. আব্দুর রহমান আনজারিয়া তা পাঠিয়েছেন।
মুনের কাছে পাঠানো আইএস নেতা, যোদ্ধা ও অনুগামীদের বিরুদ্ধে জারি করা এই ফতোয়ায় ধর্মগুরুরা নিজেদের ইসলামে বিশ্বাসী ও অনুগামী বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তারা আইএস’র নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এও বলেছেন, দয়া করে আইএস’র মতো জঙ্গি সংগঠনের সঙ্গে ইসলামকে জড়িয়ে ফেলা উচিৎ হবে না। কারণ আইএস যা করছে তা ইসলামবিরোধী।
তারা বলেন, আইএস’র তথাকথিত খিলাফতের হাজার বছর আগে হজরত মুহম্মাদ (সা.) তার অনুগামীদের শিশু, নারী ও বৃদ্ধদের হত্যার মতো জঘন্য কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছিলেন। এমনকি তিনি গাছ না কাটতেও বলেছিলেন। এছাড়াও প্রার্থনার স্থানের ক্ষতি না করা এবং পুরোহিতদের নিগ্রহ না করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। অথচ আইএস তার উল্টোটা করছে।
আইএস’র নিয়ন্ত্রণাধীন এলাকায় নির্বিচার হত্যাকাণ্ড, সেই ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করারও তীব্র নিন্দা জানিয়ে ধর্মগুরুরা বলেছেন, এটা ইসলামের সম্পূর্ণ পরিপন্থি। আইএস’র কর্মকাণ্ড সম্পূর্ণ অমানবিক এবং এ ধরনের কাজকর্ম ইসলাম কখনই অনুমোদন করে না। আইএস’র কাজের সঙ্গে ইসলাম বা ধর্মশিক্ষার কোনো সম্পর্ক নেই।
ফতোয়াকে তারা বিশ্বের একতা ও শান্তির স্বার্থে আইএস’র মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সরব হওয়ার আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে এ বার্তাটি বিশ্বের বিভিন্ন দেশ ও সরকারের কাছেও পাঠানো হয়েছে।

