আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র প্রদেশে গত আট মাসে সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ৬শ ৬১ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এ বছরের শুরুর দিকেই ভারতের অনেক এলাকাতেই সোয়াইন ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র প্রদেশ। এ বছর ওই প্রদেশেই সবচেয়ে বেশি মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়েছে, আগস্ট পর্যন্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮শ ৪৩ জন এবং মারা গেছে ৬শ ২৩ জন। এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহেই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে ৩শ ৭৮ জন। আর এই ভাইরাসে ৩৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গুজরাটে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬শ ৬২ জন এবং মারা গেছে ৪শ ৫০ জন। অপর দিকে রাজেস্থানে ৬ হাজার ৭শ ৫ জন এ রোগে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪শ ৩৬ জন। দেশের মহারাষ্ট্র, গুজরাট, রাজেস্থান এবং মধ্য প্রদেশেই প্রায় ৮০ ভাগ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্ত ইন্টিগ্রেটেড ডিজেজ সারভেইলেন্স প্রোগ্রাম এর এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত দেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ২ হাজার ২শ ৭৬ জন মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, রাজেস্থান এবং মধ্যপ্রদেশেই ১ হাজার ৮শ ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মহারাষ্ট্রে।’
এ বছরের শুরুর দিকেই দেশটিতে সোয়াইন ফ্লুর প্রকোপ দেখা গিয়েছিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মহারাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২শ ৭১ জন এবং মারা গেছে ৬শ ৬১ জন। এই সংখ্যা বিগত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি। তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যারা এই রোগে মারা গেছে তাদের মধ্যে ৩৬ ভাগ লোকই সুস্থ ছিলেন। তাদের অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল না। তারা সবাই শুধুমাত্র এই ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন। এছাড়া ৮৫ ভাগ মানুষের বয়স ছিল ২১ থেকে ৬০ বছর।

