আন্তর্জাতিক ডেস্ক : ইনটারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকাধারী সন্ত্রাসী দাউদ ইব্রাহিমকে ধরতে পাকিস্তানে গুপ্ত অভিযান চালানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে ভারত। আর এমন কথার ইঙ্গিত দিয়েছেন মোদী সরকারের খোদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
রোববার ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দে তিনি জানান, শত্রুদের রুখতে মোদী সরকার যা-যা প্রয়োজন সব করবে। তবে অন্যদিকে, ভারতের বিরুদ্ধেই আগ্রাসন ও সন্ত্রাসবাদ-এর অভিযোগ আনলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ।
রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন, ‘ভারতের দুশমনদের অকার্যকরী করে দেয়ার জন্য দরকার হলে মোদী সরকার সাম-দাম-দণ্ড-ভেদ (অর্থাত্ শান্তিপ্রক্রিয়া-অর্থলোভ-শাস্তি-বিভেদচেষ্টা) সব রকম উপায়ই প্রয়োগ করবে। ভারতের শত্রুদের শান্তিতে থাকা উচিত নয়। তারা জানুক যে, ভারত সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার পরিকল্পনা করছে।’
১৯৯৩ সালের মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত দাউদ ইবরাহীম এখন সপরিবারে পাকিস্তানের করাচি শহরেই থাকছেন। এমনটাই সন্দেহ ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর। করাচিতে দাউদের বেশ কয়েকটি ঠিকানা ও একটি ফোন নম্বরের নির্দিষ্ট তথ্য-সম্বলিত কিছু দলিল দ্বিপাক্ষিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) স্তরের বৈঠকে পাক প্রতিনিধিদের হাতে তুলে দিতেও চেয়েছিল ভারত সরকার। কিন্তু বৈঠকটি বাতিল হয়ে যাওয়া তা আর সম্ভব হয়ে ওঠেনি।
উল্লেখ্য, গত জুন মাসে মায়ানমারে ভারতীয় সেনারা জঙ্গি দমন অভিযান অংশ নেন। ঠিক তার পরপরই রাঠোর হুঁশিয়ারি, ‘প্রয়োজন হলে পশ্চিম সীমান্তের অশান্তিকেও মোদী সরকার ‘একই ভাবে’ মোকাবিলা করবে। জঙ্গিদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘নিজেদের এলাকায় পালিয়ে গিয়ে বাঁচবে না। যেখানেই থাক না কেন, আমরা আঘাত করবই।’
পাকিস্তানও চুপ করে নেই। তাদের হুংকার এসেছে ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের ৫০-তম বর্ষপূর্তির দিনই। বর্ষপূর্তি উপলক্ষ্যে পাকিস্তান জুড়ে বিভিন্ন অনুষ্ঠান এবং প্রার্থনাসভার কর্মসূচি পালিত হয়। যুদ্ধ শুরুর দায় ভারতের ঘাড়ে চাপিয়ে পাক মন্ত্রী পারভেজ রশিদ বলেন, ‘আজ আমাদের প্রতিরক্ষা দিবস, আর ভারতের আগ্রাসন দিবস। যুদ্ধের মাধ্যমে সুবিধা করতে না পেরে, ভারত সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে! বালুচিস্তানে জঙ্গি কার্যকলাপে ভারত মদত দিচ্ছে, এই অভিযোগ পাকিস্তানের দীর্ঘদিনের।
পাকিস্তানের প্রেসিডেন্ট মামুন হুসেনও বলেছেন, ‘পাকিস্তান রাষ্ট্র এবং এর সেনাবাহিনী সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যা কিছু করা সম্ভব, তাই করবে।’

