আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি তার সম্পত্তির হিসাব দেশটির দুর্নীতি দমন সংস্থায় জমা দিয়েছেন। তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আছে বলে তিনি ঘোষণা করেছেন। গত সপ্তাহে বুহারি সম্পদের বিবরণ প্রকাশ করা হয়।
দুর্নীতি এবং অস্থিতিশীলতা নির্মূলের প্রতিশ্রুতি দেয়ার মাধ্যমে গত মার্চ মাসে সাবেক সামরিক শাসক বুহারি নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশটির বিরোধী দলের নেতা হিসেবে তিনিই প্রথম জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন।
প্রেসিডেন্ট বুহারির মুখপাত্র গারবা শেহু বলেন, নাইজেরিয়ার সাবেক সামরিক শাসক এবং তেলমন্ত্রী হিসেবে তার এই ব্যাংক হিসাবের অঙ্ক প্রমাণ করে , তিনি আগে থেকেই কষ্টসহিষ্ণু জীবন যাপন করে আসছেন।
তবে সমালোচকদের দাবি, বুহারি তার সব সম্পদের বিবরণ জনস্মুখে প্রকাশ করেননি। ডেইলি পোস্ট নামে নাইজেরিয়ার একটি দৈনিক জানিয়েছে, পানালপিনা ওয়ার্ল্ড ট্রান্সপোর্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে বুহারির যে বিপুল পরিমাণ শেয়ার রয়েছে তা তিনি তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি।
আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়ায় দুর্নীতি একটি বড় ধরণের সমস্যা। রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে দশ হাজার কোটি মার্কিন ডলারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে গত মাসে প্রেসিডেন্ট বুহারি জানিয়েছিলেন।

