আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছেন। শনিবার এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গের লাভরভের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
অজ্ঞাতনামা মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া সেখানে এক হাজার সেনার আবাসনের জন্য সামগ্রী পাঠিয়েছে। সিরিয়ায় যাতে সামরিক পণ্যবাহী বিমান নির্বিঘ্নে যেতে পারে, সে জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে অনুরোধও জানিয়েছে রাশিয়া। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইতিমধ্যে সিরিয়ায় একটি অগ্রগামী সেনাদলও পাঠিয়েছে রাশিয়া।
ক্ষমতা ধরে রাখতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ চার বছর ধরে বিদ্রোহীদের সঙ্গে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এ সামরিক সহায়তার মাধ্যমে এ গৃহযুদ্ধে প্রত্যক্ষভাবে আসাদের পক্ষে লড়াইয়ে জড়িয়ে পড়বে রাশিয়া। সিরিয়া ইস্যুতে এমনিতেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দূরত্বের সৃষ্টি হয়েছে। নতুন সামরিক সহায়তার এ খবর ওয়াশিংটনকে আরো উদ্বিগ্ন করে তুলেছে। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এ উদ্বেগের কথা জানিয়েছেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এ প্রতিবেদন যদি সত্য হয়, তাহলে এ ধরনের কর্মকাণ্ড সংঘর্ষের মাত্রাকে বাড়িয়ে তুলবে, যার ফলে আরো নিরপরাধ লোকের প্রাণহানি ঘটবে, শরণার্থীদের আরো ঢল নামবে এবং সিরিয়ায় আইএসবিরোধী অভিযান ঝুঁকিতে পড়বে।’

