আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করার চলাকালে সংযুক্ত আরব আমিরাতের অন্তত ২২ সেনা নিহত হয়েছে। শুক্রবার ইয়েমেনের মারিব প্রদেশের কাছে হুতি বিদ্রোহীরা রকেট হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
সৌদি আরবের নেতৃত্বে আরব জোটের যে দেশগুলি ইয়েমেনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সে জোটের সদস্য।
গত বছরের সেপ্টেম্বর মাসে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। পরে দেশটির প্রেসিডেন্ট আব্দে রাব্বু মানসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান । এর পর চলতি বছরের মার্চ মাসে হুতিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।
সরকার সমর্থিত ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার হুতি বিদ্রোহীরা মারিব প্রদেশের কাছে আরব জোটের এক অস্ত্র গুদামে রকেট হামলা চালায়। এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের ২২ সেনা নিহত হয়েছে। রাজধানী সানা থেকে হুতি বিদ্রোহীদের প্রচার বিভাগ হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, সোভিয়েত আমলের রকেট হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা ২২ সেনা নিহতের খবর নিশ্চিত করেছেন। তবে তারা দাবি করেছেন, হুতিদের হামলায় নয়, বরং অস্ত্র গুদামে দুর্ঘটনাক্রমে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

