আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত এ পি জে আবদুল কালামকে সম্মান জানানোর প্রয়াস অব্যাহত রয়েছে ভারতীয়দের। এবার তার সম্মানে একটা আস্ত দ্বীপেরই নাম বদলে গেল ওডিশায়। ওডিশার ভদ্রকের হুইলার দ্বীপের নামকরণ করা হলো প্রয়াত এই রাষ্ট্রপতির নামে। এর আগে দিল্লির আওরঙ্গজেব রোডের নাম বদলে এ পি জে আবদুল কালাম রোড করা হয়।
এই দ্বীপের নাম ‘হুইলার’ রাখা হয়েছিল ইংরেজ কমান্ড্যান্ট লেফটেন্যান্ট হুইলারের স্মরণে। নামবদলের কথা ঘোষণা করে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেছেন, ‘জনতার রাষ্ট্রপতির প্রতি এটা সামান্য শ্রদ্ধাজ্ঞাপন। এবার থেকে হুইলার দ্বীপের নাম হবে আবদুল কালাম দ্বীপ।’ খবর এবিপি আনন্দর।
রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের সঙ্গে কালামের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে নবীন বলেন, ‘বিজুবাবু (নবীন পট্টনায়কের বাবা)-ই ঐতিহাসিক হুইলার দ্বীপটি ১৯৯৩ সালে ড. কালামের অনুরোধে প্রতিরক্ষা মন্ত্রকের হাতে তুলে দিয়েছিলেন।’ তিনি বলেন, দ্বীপের নাম আবদুল কালাম দ্বীপ হওয়ায় তরুণ বিজ্ঞানীরা গবেষণায় নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত হবেন।
উল্লেখ্য, প্রথম ভূমি থেকে ভূমিতে সফল উৎক্ষেপণ হওয়ার পর ক্ষেপণাস্ত্র ‘পৃথ্বী’ ১৯৯৩-এর ৩০ নভেম্বর জনমানবহীন হুইলার দ্বীপে অবতরণ করেছিল।

