আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির বিষয়ে চুক্তি কার্যকর করার জন্য সিনেটে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিবিসির খবরে বলা হয়েছে, তিনি ৩৪ জন সিনেটরের ভোট পেয়েছেন। বিরোধী রিপাবলিকান পার্টির সদস্যরা এখন আর এই চুক্তি আটকে দেয়ার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াশ ভোট পাচ্ছেন না।
ডেমোক্রেট দলীয় সিনেটর বারবার মিকুলস্কি ৩৪তম সিনেটর হিসেবে ওবামাকে চুক্তি স্বাক্ষরে সমর্থন দেন। এই সমর্থনের ফলে বড় একটি ফাড়া থেকে বেঁচে গেলেন ওবামা। রিপাবলিকানরা বিরোধিতা করায় এই চুক্তি স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তার মেঘ জমেছিল।
এই চুক্তির অধীনে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে সম্মতি দিয়েছে।
চলতি মাসের শেষের দিকে কংগ্রেসে এ বিষয়ে ভোট গ্রহণ হবে। যদিও এখনো যুক্তরাষ্ট্রের কংগ্রেস চুক্তির ব্যাপারে আপত্তি তুলতে পারে, কিন্তু সিনেটের এই সমর্থনের কারণে প্রেসিডেন্ট ওবামা সেই আপত্তি অগ্রাহ্য করতে পারবেন।
ভোটের আগে দুইপক্ষেই ব্যাপক প্রচারণা চালানো হয়। চুক্তির সমর্থনে ভোট দেয়ার জন্যে আহ্বান জানিয়েছেন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অন্যদিকে চুক্তির বিপক্ষে ভোট দিতে তদবির করে ওয়াশিংটনের ইসরাঈলপন্থি লবি। ইরানের সঙ্গে ওই সমঝোতার প্রক্রিয়া শুরু হয় ২০০৬ সালে।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের সঙ্গে জার্মানিও আলোচনায় অংশ নেয়। গত জুলাই মাসে চূড়ান্ত সমঝোতা হয়।
এই সমঝোতার ফলে ইরান তার পারমানবিক কর্মসূচি সীমিত করবে। অন্যদিকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া হবে।

